সাতক্ষীরায় বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে শাহানারা বেগম (৩৮) নামের এক বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানারা উপজেলার সখিপুর ইউনিয়নের ওই গ্রামের মৃত জাহিদ আলমের স্ত্রী।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, শনিবার দিবাগত রাতের কোনো একসময় নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে শাহানারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে শাহানারার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের সচ্ছলতা ফিরাতে তিনি বিদেশে যান এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। তবে কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

রবিবার (১২ জুলাই) বিকেলে ওসি আব্দুল আলীম আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।