বন্যার্তদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন এমপি জসীম উদ্দীন

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার ৫০ হাজার বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

গত শুক্রবার, শনিবার, রবিবার (১০শে-১২শে জুলাই) পর্যন্ত চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ও সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে বন্যা কবলিত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন। 

এ সময় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, বর্তমান দুর্যোগকালীন সময়ে সরকার সর্বোচ্চ বরাদ্দ প্রদানসহ দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের মত চট্টগ্রাম-১৪ আসনের বিষয়েও প্রতিনিয়ত মনিটরিং করছেন। 

তিনি বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলা করবো এবং আপনাদের জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে ইনশাআল্লাহ্।