শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহিম বেপারীকে (৬৮) নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আ. রহিম বেপারী ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত নডু বেপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে আ. রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে নিজ কক্ষে বসে পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিলেন। দুপুর ১২টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আ. রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনের একটি মামলা রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।