রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালকের মৃত্যু

রাজধানীর শনির আকড়া এলাকার একটি বাসার নিচে জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আকড়া ছাপড়া মসজিদের পিছনে ব্যাংক কলোনীতে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা এ,কে,এম আব্দুল্লাহি বাকি জানান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে দেড় বছর আগে অবসরে আসেন রেজাউল করিম। ২ ছেলের জনক তিনি। শনির আকড়ার ৩ তলা নিজের বাড়িটিতেই থাকতেন।

তিনি জানান, রোববারের বৃষ্টিতে তার বাড়ির নিচ তলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর তিনি সেই পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন। তখনই সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে পানিতে অচেতন হয়ে পড়ে যান। সেই সময় তার সঙ্গে কেউ না থাকায় কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।