ঢাকা নিউ মার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার কারণে বন্ধ রাখা হয়েছে নিউমার্কেটের সব দোকানপাট। নিরাপত্তার স্বার্থে মার্কেটের বিদ্যুৎ-সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম।

তিনি জানান, শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে নিউমার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে সকাল থেকে কোনো দোকান খোলা হয়নি। পুরো মার্কেটের ব্যবসা কার্যক্রম বন্ধ রয়েছে এবং ক্রেতাদের উপস্থিতিও নেই বললেই চলে।

ফিরোজ উল ইসলাম বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নিউমার্কেটের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী সোমবার দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে রাতভর বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নগরবাসীর দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতির কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও এলাকার অধিকাংশ দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে কিছু দোকানপাট বন্ধও রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত