বেকার যুবকদের স্বাবলম্বী করে তুলতে কাজ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে এক বছরের মধ্যেই হাজারো তরুণ-তরুণী আয়মুখী কাজে যুক্ত হয়েছেন। ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক লাখ যুবককে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়েও এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে প্রায় ১৩ কোটি টাক ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছেন। বর্তমানে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে এবং সময়োপযোগী নতুন কোর্স চালুর কার্যক্রমও চলমান রয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’-এ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মদ এ তথ্য জানান। রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সামিট অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘মিডিয়া কানেক্ট সামিট’-এর আয়োজন করে। গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, পারস্পরিক মতবিনিময় এবং ফাউন্ডেশনের চলমান সেবামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং দেশীয় ও বৈশি^ক কর্মবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’ সামিটে অংশগ্রহণকারী অতিথিরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীন পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, নারী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম, ল্যাব ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন।
ফাউন্ডেশনের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফরিদ খান বলেন, ‘দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয় ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠার পর থেকেই এটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া, বেকারত্ব হ্রাস এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে সরাসরি পরিচয়, মতবিনিময় এবং বাস্তব কার্যক্রম তুলে ধরতেই ‘মিডিয়া কানেক্ট সামিট’-এর আয়োজন করা হয়েছে।’
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন শিক্ষা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে মানুষের কল্যাণে কাজ করে আসছে।