বছরের অর্ধেক শেষ, লক্ষ্য অর্জনে কতটুকু এগোলেন?

ডিসেম্বর এলেই সবার মনে একটি আক্ষেপ জাগে, আরও একটি বছর শেষ হয়ে গেল। বছরের মাঝামাঝি সময়ে নিজের কাজের মূল্যায়ন করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব। লিখেছেন এজাজ পারভেজ

নিজের কাজের মূল্যায়ন করুন

বছরের প্রথমে যে লক্ষ্যটি নির্ধারণ করেছিলেন এ বছরের জন্য সেটি অর্জনের পথে কতটুকু এগোলেন তা দেখার জন্য নিজেই নিজের কাজের মূল্যায়ন করতে হবে। যে কাগজে বা সফট ফাইলে ২০২৬ সালের লক্ষ্য লিখেছিলেন সেটি বের করুন। কতটুকু এগিয়েছেন? বছরের অর্ধেক শেষ। সে অনুযায়ী আপনি কি লক্ষ্যের অর্ধেক পথ পাড়ি দিয়েছেন? নাকি লক্ষ্য শুধু কাগজে লিখিত আকারেই রয়ে গেছে?

মূল্যায়ন অনুযায়ী পদক্ষেপ নিন

লক্ষ্য অর্জনের পথে যতটুকু এগিয়েছেন সে অনুযায়ী পদক্ষেপ নিন। যদি অর্ধেক কাজ সম্পন্ন করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি রুটিন করে কাজ করছেন। এই হারে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বছর শেষে লক্ষ্য অর্জন করতে পারবেন। আর যদি দেখেন বছরের অর্ধেক হেলায় চলে গেছে, কিন্তু যে লক্ষ্য নিয়ে বছর শুরু করেছিলেন তার ধারেকাছেও নেই, তাহলে বুঝতে হবে আপনি পুরনো অভ্যাসে বন্দি হয়ে আছেন। তবে আশার কথা হলো, বছরের মাঝামাঝি সময়েই এটি মূল্যায়িত হওয়ায় শুধরে নেওয়ার সুযোগ এখনো আছে।

কর্মঘণ্টা বাড়িয়ে দিন

লক্ষ্য অর্জনে যদি অনেক বেশি পিছিয়ে থাকেন তাহলে কর্মঘণ্টা বাড়িয়ে দিন। আগে যদি চার ঘণ্টা কাজ করতেন এখন আপনাকে প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে, যদি আপনি লক্ষ্য অর্জন করতে চান। ছুটির দিনেও কাজ করতে হবে। যদি আপনি শিক্ষার্থী হন তাহলে এখন আর শুধু রাতে পড়তে বসলে হবে না। সকালে ক্লাসে যাওয়ার আগে পড়ার অভ্যাস তৈরি করুন।

ডিপ ওয়ার্ক

কর্মঘণ্টা না বাড়িয়েও কিছু কৌশল অবলম্বন করে কাজের পরিমাণ দ্বিগুণ করতে পারেন। ডিপ ওয়ার্কের মাধ্যমে অল্প সময়ে কোয়ালিটিফুল কাজ করা সম্ভব। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। ওই সময়ে কেউ যেন আপনাকে বিরক্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। ওই সময়ে কী কী কাজ করবেন তা আগে থেকেই ঠিক করে রাখুন। ডিপ ওয়ার্ক সাধারণত তিন বা চার ঘণ্টার একটি নির্দিষ্ট অংশ ডিপ ওয়ার্কের জন্য নির্ধারণ করা হয়। এ সময়ে কয়েকটি ভাগে ভাগ করুন। প্রতিটি ভাগের শেষে পাঁচ বা দশ মিনিটের ব্রিদিং টাইম রাখুন। এ সময়ে কোনো কাজ নয়। ডেস্ক ছেড়ে উঠুন। পানি পান করুন। বিরতি শেষ হলে আবার কাজ করুন। টাইমারের সাহায্যে বিরতির সময় নিয়ন্ত্রণ করুন।