স্রোতের বিপরীতে নিশাত

নিশাত প্রিয়ম। ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দিয়ে আসছেন তিনি। যদিও অল্প সময়ের ক্যারিয়ার তার, তবুও জনপ্রিয়তার নিরিখে এই স্বল্প সময়েই নিজের মেধা-দক্ষতার প্রমাণ করেছেন তরুণ এই মডেল-অভিনেত্রী। একটু একটু করে দর্শকের পছন্দের অভিনেত্রীতে পরিণত হচ্ছেন তিনি। টিভি নাটকের তুলনায় ওটিটির কাজগুলোই দর্শকমহলে বেশি আলোচিত হয়েছে তার। ‘মানি হানি’, ‘মহানগর’ থেকে ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজগুলোর পর চরকির ‘দাগ’ সিনেমায় কাজ করেও দর্শক ও সুধীমহলে সমাদৃত হয়েছে তার অভিনয়। লিখেছেন জাহাঙ্গীর বিপ্লব

গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে এই অভিনেত্রী কাজ করছেন অনেক বাছ-বিচার করে, যার দরুণ সমসাময়িক অনেকের তুলনায় নিশাত প্রিয়মের কাজের সংখ্যা কম। কারণ হিসেবে প্রিয়ম জানালেন, সত্যি বলতে বিশেষ কোনো কারণ নেই। আমি সব সময় একটু গল্পনির্ভর কাজ করার চেষ্টা করি। গল্প ভালো লাগলে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এর বাইরে না। এ কারণেই হয়তো আমার কাজের পরিমাণটা একটু কম। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হয়েছেন অন্ধকার জগতের গল্প নিয়ে। এবার নতুন একটি ওয়েব ফিল্মে দেখা মিলল নিশাত প্রিয়মের। মাত্র একদিন আগে (গত শনিবার সন্ধ্যায়) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে প্রিয়ম অভিনীত ‘ফুটবল হট্টগোল’। প্রচারের পর থেকেই বেশ জমে উঠেছে নাটকটি। আর আগের মতো অভিনেত্রী হিসেবেও দর্শকের মনে সৌরভ ছড়াচ্ছেন অভিনেত্রী।

বিশ্বকাপ কেন্দ্র করে প্রচলিত আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হাস্যরসাত্মক দ্বন্দ্বের বাইরে গিয়ে নাটকটিতে ফুটবলকে ঘিরে জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের একটি গল্প তুলে ধরা হয়েছে। ফুটবল হট্টগোল নির্মাণ করেছেন দীপু হাজরা। নাটকের গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পাওয়া আয়ান ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারদর্শী। ম্যাচের আগে তার করা প্রতিটি পূর্বাভাস মিলে যেতে থাকায় ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে সে। এক পর্যায়ে তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে অনেকেই বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। এরপর হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়ান, আর সেখান থেকেই শুরু হয় রহস্য।

নাটকে আয়ান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। অন্যদিকে একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে রয়েছেন নিশাত প্রিয়ম। কাজের সূত্রে একটা পেজের সন্ধান পান তিনি। আয়ানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।  পরে আয়ান নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার মিশনে নামেন এই সাংবাদিক। নিশাত প্রিয়ম বলেন, ‘একেবারেই ভিন্ন এক গল্পের নাটক ফুটবল হট্টগোল। বিশ্বকাপ উন্মাদনায় হাস্যরসের বাইরে নাটকটিতে বাস্তবতা তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকের ভালো লাগছে জেনে আমার নিজের মনেও এক ধরনের স্বস্তি কাজ করছে। তাছাড়া সাংবাদিক চরিত্রে কাজ করতে পেরে আমি আনন্দিত। এ জন্য পরিচালকের প্রতি

কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে আরও কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক। আমরা সবাই এই সাফল্যের অংশীদার।’

নিশাত প্রিয়মের কাছ থেকে জানা গেল, ফুটবল হট্টগোল ছাড়াও বেশ কয়েকটি প্রকল্প হাতে রয়েছে তার। এর মধ্যে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। মধ্যবিত্ত জীবনের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এতে তুলি চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। নাটকের পাশাপাশি সিনেমাতেও তাকে দেখা যাবে কিছুদিন পর। যদিও এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন প্রিয়ম।

তার ভাষ্য, ‘অবশ্যই আমরা যারা কাজ করছি, তাদের স্বপ্ন হচ্ছে বড় পর্দায় কাজ করব। আমারও তা-ই। আমিও এ রকম একটা গল্পের অপেক্ষায় আছি, যেটা পেলে মনে হবে আমি অবশ্যই সিনেমায় অভিনয় করতে চাই। তবে টিভি নাটক আমার শিকড়, টিভি নাটক কখনোই ছাড়ব না। ওটিটিতেও কাজ করে ভালো লাগছে। প্রতিটি কাজ থেকে কিছু না কিছু শিখছি। আরও অভিজ্ঞতা হচ্ছে। আজীবন শিখেই যাব।’