জামাল ভুঁইয়া ও জেবার ‘রেড কার্ড’

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও অভিনেত্রী জেবা জান্নাতকে নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’ প্রচারিত হবে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈশাখী টিভিতে। চলমান বিশ্বকাপ উন্মাদনাকে দর্শকের মাঝে আরও ছড়িয়ে দিতে সাত পর্বের এই নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকটিতে আরও অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানমসহ অনেকেই।

নাটকের কাহিনি সম্পর্কে বলতে বললে পরিচালক তারিক মুহাম্মদ হাসান বলেন, এলাকার সুন্দরী ও ভাইরাল তরুণী জেবা। সে ভাইরাল এ জন্য যে, জেবার প্রেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জেবা হলো আর্জেন্টিনার সাপোর্টার। তাই জেবার সঙ্গে এলাকার তরুণ আর্জেন্টিনার সাপোর্টার সবুজের খুব ভালো সম্পর্ক। সবুজ যখন জানতে পারে যে, জামাল ভুঁইয়া আজ জেবাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তখন সবুজ একটা বিস্ফোরক তথ্য দেয় জেবাকে।

জামাল ভুঁইয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হলেও সে এই বিশ^কাপে ব্রাজিলের সাপোর্টার। এই তথ্য পেয়ে জেবা জামালের প্রস্তাব প্রত্যাখ্যান করে। ওকে রেড কার্ড দেখিয়ে ওর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। মেয়ে দেখার আসর থেকে বিয়ে ভেঙে যায়। ভেঙে যায় জামালের হৃদয়। ব্রাজিলের সাপোর্টার জামাল ভুঁইয়ার এই অবস্থায় ওর পাশে এসে দাঁড়ায় এলাকার ব্রাজিলের সাপোর্টার মিলন ও তার বন্ধুরা। ওরা জামালের জন্য আরও সুন্দরী মেয়ে খুঁজতে থাকে, যে ব্রাজিলের সাপোর্টার। কিন্তু জামাল তো ভালোবাসে জেবাকে? জেবাও জামালকে ভালোবাসে। তাই তো দুজনেই এখন বিরহের আগুনে পুড়ছে। মিলন যতই সুন্দরী মেয়ে দেখাক, কাউকেই পছন্দ হয় না জামালের।

ওদিকে জেবাও নাছোড়বান্দা। সে কোনোভাবেই একজন ব্রাজিল সাপোর্টারের ঘরে বৌ হয়ে যাবে না। ফলে এলাকায় আবারও ভাইরাল হয়ে যায় জেবা। টক অব দ্য টাউন হয়ে উঠে জেবা ও জামালের প্রেম কাহিনি। নানা হাস্যরস আর মান-অভিমানের ভেতর দিয়ে এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত