ভোলার সদরের পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ডাকাত ফিরোজ জামাদ্দার ও তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটকরা হলেন দৌলতখান উপজেলার দিদারুল্লাহ এলাকার কুখ্যাত ডাকাত মো. ফিরোজ জামাদ্দার (৫৫), চরপাতা এলাকার মো. ফয়সাল (২৫), একই এলাকার মো. ইব্রাহিম (২৫), ভোলা সদরের রতনপুর এলাকার মো. কামাল (৩০) ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা সদর থানার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পেয়ে স্থানীয় লোকজন কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দার ও তার সহযোগীদের আটক করে কোস্ট গার্ডকে খবর দেয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করেন একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করে। একই সঙ্গে ফিরোজ জামাদ্দারসহ চারজনকে আটক করা হয়।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।