ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছান। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদরে দিনভর নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার তোরণ, ব্যানার-ফেস্টুন ছাড়াই প্রধানমন্ত্রীকে বরণে সাদামাটা আয়োজনের মধ্যেও বরিশালবাসী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানবপ্রাচীর তৈরি করে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছে বরিশাল বিএনপিসহ স্থানীয়রা।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বরিশাল সফর।

তাই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো আয়োজন করা হয়নি। সড়কের দুই পাশে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বরিশালের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন দিকনির্দেশনা আসবে।