অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

অনলাইন জুয়ার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে একটি চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতাররা হলেন- নগদের ইউএসও (ইউনিট সেলস অফিসার) মো. জসিম উদ্দীন (৩৩) এবং সুমন রায় (২৮)। সিআইডি জানিয়েছে, সুমন রায় একটি বিদেশি অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন।

সোমবার (১৩ জুলাই) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল গত রবিবার (১২ জুলাই) নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

সিআইডি জানায়, গত ১৭ মে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়। নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় সিআইডি দেখতে পায়, দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইট সক্রিয় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করে আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে বেটিং পরিচালিত হচ্ছিল।

তদন্তে জানা গেছে, গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাঁদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করতেন। পরে জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে কমিশন কেটে রেখে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচার করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ও সুমন নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার কথা স্বীকার করেছেন। এ ছাড়া তাঁরা বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে চক্রের অন্য সদস্যদের সরবরাহ করতেন। অনলাইন জুয়ার নেটওয়ার্ক ও অর্থপাচারের সঙ্গে জড়িত বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে একই মামলায় সম্পৃক্ততার অভিযোগে গত ৭ জুন টাঙ্গাইল থেকে মো. সোলায়মান, মো. সাগর মিয়া ও মো. জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। পরে ১৬ জুন নরসিংদী ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মো. রায়হান খান, মো. পাভেল রহমান ভূঁইয়া এবং আবু জোবায়ের সানিকে গ্রেফতার করে সিআইডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত