কুয়েতে মার্কিন লঞ্চার ধ্বংস করল ইরান

কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে হিমার্স (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইরান। রবিবার (১২ জুলাই) দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। পরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার দাবি নিশ্চিত করে।

আইআরজিসির দাবি, কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে আগুন লেগে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 

বিবৃতিতে আরও বলা হয়, এসব হিমার্স লঞ্চার থেকে ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি চলছিল।

তবে হামলায় ঠিক কতটি লঞ্চার ধ্বংস হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি। তাদের দাবি, রোববারের এই অভিযানে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত তিন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা, ট্রাকভিত্তিক ও উচ্চ-নির্ভুলতাসম্পন্ন বহুমুখী রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, যা দীর্ঘপাল্লার নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়।