গ্রাহকের ক্যাশ আউটের খরচ আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমালো দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে দুইটি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচ কমে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা।
এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহককে বাড়তি কোনো টাকা গুনতে হবে না। এত দিন প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট চার্জ ছিল ১৪ টাকা ৯০ পয়সা।
সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।
এতে বলা হয়, দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের ৮ কোটি ৪০ লাখ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে বিকাশের ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট রয়েছে। গ্রাহকেরা প্রতি ক্যালেন্ডার মাসে নিজেদের সুবিধামতো যেকোনো দুটি এজেন্ট নম্বরকে প্রিয় এজেন্ট হিসেবে যুক্ত করে নিতে পারবেন। মাস শেষ হলে প্রয়োজন অনুযায়ী এই নম্বর পরিবর্তন করার সুযোগও থাকছে।
‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে প্রিয় এজেন্ট মেন্যু থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অ্যাপ ছাড়া সরাসরি *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেন্যু থেকে ‘প্রিয় নম্বর’ মেন্যু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেয়ার সুযোগও থাকছে। কম খরচে ক্যাশ আউট করার মাসিক হিসাব গ্রাহক তার বিকাশ অ্যাপের লিমিট অপশন থেকে জেনে নিতে পারবেন যেকোনো সময়।
প্রতি মাসে ৫০ হাজার টাকার চেয়ে বেশি এবং ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।