হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৭৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর এ ঘটনা ঘটে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার নয় শিশুর শরীরে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৬৬৫। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৪ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৯ শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৬। এই সময়ে ৮৫৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১২ হাজার ৩৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৫ হাজার ১৯৬ রোগী, তাদের মধ্যে ৯১ হাজার ৪৮৩ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।