নীলফামারীর জলঢাকায় সড়ক সংস্কার ও ভাঙা ব্রিজ নির্মাণের দাবি

নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কার এবং সড়কটির একটি ভাঙ্গা ব্রিজটি পুননির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় যাওয়ার সড়কটির সামনে মানববন্ধন করেন তারা।

মাদকবিরোধী কমিটির আয়োজনে এ সময় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাইমেনুর রহমান সানা, সদস্য সচিব সুমন আল হোসাইন, এলাকাবাসী রাশেদুল ইসলাম, আব্দুল জব্বার, আকরাম আলী, বিলকিস বেগমসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীনের ৫৫ বছরে হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় যাওয়ার সড়কটিতে আজ পর্যন্ত একটি ইটও পরেনি। চেয়ারম্যান, মেম্বাররা প্রতিবছর আশ্বাস দিলেও তা কখনও পূরণ করেনি। বর্ষাকালে সাম্যন্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি চরম কর্দমাক্ত হয়ে যায়। বড় বড় কাদার গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করাও স্থানীয়দের জন্য অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, এলাকার যাতায়াতের অন্যতম মাধ্যম একটি ব্রিজটিও ভেঙে খালের পানিতে দেবে আছে। ফলে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, রাস্তা ও ব্রিজের এমন ভগ্নদশার কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় জনসাধারণ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে প্রতিদিন মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও সমস্যা সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় পর্যন্ত রাস্তাটি সংস্কার এবং ভেঙে পড়া ব্রিজটির স্থানে দ্রুত নতুন ব্রীজ নির্মাণের জোর দাবি জানান তারা। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

ইউনিয়ন মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা মোহাইমেনুর রহমান সানা বলেন, স্থানীয়দের পক্ষে সড়ক সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের কাছে আবেদনপত্র প্রদান করেছি। আশা করছি তারা দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। দ্রুত সড়ক সংস্কার ও নতুন ব্রিজ নির্মানের ব্যবস্থা গ্রহণ করা হবে।