জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বেকার তৈরির কারখানা: শিবির সভাপতি

বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। এই বৃত্ত থেকে বের হয়ে আসতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিজ উদ্যোগে ‘স্কিল ডেভেলপ’ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

সোমবার ( ১৩ জুলাই) সকালে নোয়াখালী জেলার নোয়া কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার অধীনস্থ নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে অনার্স ১ম বর্ষ (২০২৫-২০২৬ সেশন) এর নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, কেবল বস্তুবাদী শিক্ষা সমাজকে সম্পূর্ণ বদলে দিতে পারে না। আমাদের মেধার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তা না হলে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধগুলো নির্মূল করা সম্ভব নয়। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির নিয়মিত নানামুখী কর্মশালার আয়োজন করছে।

অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার সহ  সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে আগত নবীন শিক্ষার্থীদের ফুল ও বিশেষ উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।