অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে: জবি উপাচার্য 

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমাদেরকে অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে একজন আইকন হিসেবে গড়ে তুলতে হবে। সমালোচনা করতে হবে; তবে উদ্দেশ্যপূর্ণভাবে কাউকে দোষারোপ করা যাবে না।  

সোমবার (১৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে 'ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব'-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব'-এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ডিজিটাল সাংবাদিকতা এবং গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবে।

তিনি বলেন, আমরা লোভ দেখানো চুক্তি থেকে দূরে থাকি। গত এপ্রিল মাসে চুক্তি করে আজকে ল্যাবের শুভ উদ্বোধন করতে পেরে সত্যিকারে আনন্দিত। তাই কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা যখন এই পেশায় যাবে, তোমাদেরকে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করলেই হবে না—পাশাপাশি সঠিক সংবাদকে গুরুত্ব দিতে হবে এবং সংবাদের ফ্যাক্ট-চেকিং অবশ্যই করে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবে। ‘সবার আগে বাংলাদেশ’— এই স্লোগানকে ধারণ করে তোমরা সাংবাদিকতা করবে এবং যে কোন সংবাদের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. শেখ গিয়াস উদ্দিন এবং এমআরডিআই (Management and Resources Development Initiative-MRDI)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এমআরডিআই-এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব সমৃদ্ধকরণে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এমআরডিআই বিভাগকে ৮টি ডেস্কটপ কম্পিউটার এবং একটি এসি প্রদান করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত