রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে যৌথ অভিযানে নবীনগর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ এবং মাদক মামলার আসামি শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ও র্যাব-১০।
সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া শফিক ডাকাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে।
র্যাব জানায়, গত ১১ মে নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিক ডাকাতকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় চারজন র্যাব সদস্য আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর শফিক ডাকাতকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে র্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শনিবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার বাউন্ডারিঘাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, শফিক ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নবীনগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে একজনকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব জানিয়েছে, শফিক ডাকাতের সহযোগীদের গ্রেপ্তার এবং এলাকায় সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।