হাইকোর্টের রুল দেনমোহর আদায়ে নীতিমালা কেন নয়

মুসলিম বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। আইন ও বিচার বিভাগের সচিব, লেজেসলেটিভ ও সংসদবিষয়ক সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আবেদনের যুক্তিতে আইনজীবী তখন বলেছিলেন, দেনমোহর হচ্ছে দেশের আইন ও ইসলাম ধর্ম অনুযায়ী স্ত্রীর একটি বৈবাহিক অধিকার এবং স্বামী তা দিতে বাধ্য। তবে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দেনমোহর ফাঁকি দেওয়ার জন্য সমাজে এক ধরনের অপসংস্কৃতি রয়েছে।