ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কৈ মাছ ছাড়ল ডাকসু

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অর্থ সহায়তা ব্যবহার না করায় মাঠে জমা পানিতে কৈ মাছ ছেড়েছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমে থাকা হাঁটু পানিতে দেশীয় প্রজাতির কৈ মাছ অবমুক্ত করে এই অভিনব প্রতিবাদ জানানো হয়। প্রতীকী এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা সংহতি জানিয়ে অংশ নেন।

জলাবদ্ধ মাঠের পানিতে মাছ অবমুক্তকরণ কর্মসূচি প্রসঙ্গে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্রবান্ধব উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রশাসন থেকে বারবার বাজেট সংকটের অজুহাত দেওয়া হয়। অথচ এই কেন্দ্রীয় খেলার মাঠটি আন্তর্জাতিক মানের করে সংস্কার ও আধুনিকায়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এরই মধ্যে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিসিবি থেকে বড় অঙ্কের অর্থ বরাদ্দের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলায় মাঠের দৃশ্যমান সংস্কার বা অগ্রগতি নেই। এই অচল অবস্থার অবসান চেয়ে দ্রুত জলাবদ্ধতা নিরসন করে মাঠটি সাধারণ শিক্ষার্থীদের খেলার উপযোগী করার জোর দাবিতেই এই কর্মসূচি বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত