দেশ রূপান্তরে সংবাদ

অসহায় মঞ্জুরার পাশে পিবিআই কর্মকর্তা

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদনে কাটল অসহায় এক বিধবার কয়েক দিনের অনিশ্চয়তা। দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদ পড়ে কক্সবাজারের চকরিয়ার বন্যাকবলিত এলাকার ষাটোর্ধ্ব বিধবা মঞ্জুরার পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। গত রবিবার দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, টানা বৃষ্টি ও বন্যায় মঞ্জুরার ঘরে দিনের পর দিন চুলা জ্বলেনি। খাদ্যের অভাবে অনাহার-অর্ধাহারে কাটছিল তার জীবন।  সংবাদটি প্রকাশের পর পিবিআইয়ের ওই কর্মকর্তা দেশ রূপান্তরের চকরিয়া প্রতিনিধি মো. কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে মঞ্জুরার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তিনি ব্যক্তিগতভাবে এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে মঞ্জুরার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পিবিআই কর্মকর্তা বলেন, মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে অনেক অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।

খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে দেখা যায়, মঞ্জুরার বাস্তবতা প্রতিবেদনের চেয়েও করুণ। এক কড়া জায়গায় তৈরি জরাজীর্ণ একটি ঘরই তার একমাত্র আশ্রয়। সেখানে নেই বিদ্যুৎ সংযোগ, নেই আধুনিক জীবনযাপনের ব্যবস্থা। ঘরের ভেতরে একসঙ্গে দুইজন মানুষের দাঁড়ানোর মতোও জায়গা নেই। দারিদ্র্য আর দুর্ভোগ যেন তার নিত্যসঙ্গী।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মঞ্জুরা বলেন, আমি ভাবিনি কেউ আমাদের খোঁজ নেবে। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।