কাতারের সাবেক আমিরের মৃত্যু

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তার মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালিত হবে। গতকাল সোমবার গুলশানে কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের তিনি রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন। এ ছাড়া বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন।

তিনি জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া, কাতারের আমির, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি এবং সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।