রাজধানীর গ্যাস পাইপলাইনে পানি, অনেক চুলা জ্বলছে না

অতিবৃষ্টিতে রাজধানীর গ্যাস বিতরণ পাইপলাইনে পানি ঢুকছে। এতে রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকার বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক এলাকায় চুলা জ্বলছে না।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র জানায়, বৃষ্টিতে রাজধানীর যেসব এলাকায় পানি জমেছে, সেসব এলাকায় এই সমস্যা বেশি হচ্ছে। রাজধানীর গ্যাস বিতরণ নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত থাকায় এর প্রভাব পুরো রাজধানীতেই পড়ছে।

গত দুই দিনে ঢাকা ও আশপাশের এলাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ঢাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। গতকাল সোমবার সকাল থেকে অবিরাম বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যায়।

স্বাভাবিকভাবেই তিতাসের বিতরণ এলাকায় প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এর ওপর পাইপলাইনে পানি ঢোকার সমস্যাকে নতুন সংকট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তিতাসের কর্মকর্তারা বলছেন, বৃষ্টি না কমলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম।

ঢাকা মেট্রোজোনের তিতাস কর্মকর্তারা জানান, প্রতিটি মেট্রো এলাকায় পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য পৃথক দল রয়েছে। বড় ধরনের লিকেজের খবর পেলেই তারা দ্রুত সংস্কারকাজে নামে। তবে রাজধানীর অধিকাংশ এলাকার গ্যাস বিতরণ পাইপলাইনের বয়স ৫০ বছর পেরিয়ে গেছে। সাধারণভাবে বিতরণ লাইন ৩০ বছর পর্যন্ত ভালো থাকে। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে এর আয়ুষ্কাল আরও বাড়ানো সম্ভব।

তাদের মতে, ওয়াসা ও সিটি করপোরেশনের রাস্তা খোঁড়াখুঁড়ি, ব্যক্তিগত উদ্যোগে পানির সংযোগ নেওয়া এবং ভবন নির্মাণের সময় পাইলিংয়ের কারণেও গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে তিতাসকে না জানিয়ে স্থানীয়ভাবে পাইপলাইন মেরামত করে মাটি চাপা দেওয়া হয়। এতে পরে আবারও লিকেজ সৃষ্টি হয়।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গ্যাসের সংকটের কথা জানিয়ে দেশ রূপান্তরে এক গ্রাহক ফোন করেন। এ বিষয়ে তিতাসের ধানম-ি জোনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্যাসের সরবরাহ কমেনি। বর্তমানে যে সংকট দেখা দিয়েছে, তা মূলত বৃষ্টির কারণে।

মোহাম্মদপুর জোনের ব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান বলেন, বৃষ্টির কারণে সরবরাহ লাইনে পানি ঢুকে গ্যাস সরবরাহে বিঘœ ঘটছে। ফলে গত কয়েক দিন ধরে গ্রাহকরা সমস্যায় রয়েছেন। একই ধরনের তথ্য দিয়ে নিউমার্কেট এলাকার প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান বলেন, শুধু আমার এলাকায় নয়, তিতাসের পুরো নেটওয়ার্কেই একই অবস্থা। পাইপলাইনের ছিদ্র দিয়ে পানি ঢুকে সরবরাহ বিঘিœত হচ্ছে।

রাজধানীর মিরপুরের বাসিন্দা আহসান আরা ইসলাম বলেন, এমনিতেই গ্যাস থাকে না। তার ওপর বৃষ্টির কারণে এখন সমস্যা আরও বেড়েছে।

যাত্রাবাড়ী এলাকার উত্তর কুতুবখালীর বাসিন্দা জুলি আক্তার জুঁই বলেন, সারাদিনই আমাদের এলাকায় গ্যাস থাকে না। রাত ১১টার পর গ্যাস আসে। তবে সরকারি ছুটির দিনে সরবরাহ কিছুটা ভালো থাকে।