গোপালগঞ্জে নিবন্ধন জটিলতায় উপবৃত্তি বঞ্চিত ২৬৭ শিক্ষার্থী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি কর্মসূচি থেকে বাদ পড়েছে ২৬৭ শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ে অনলাইন নিবন্ধন ও তথ্য আপলোড না হওয়ায় তারা ষষ্ঠ শ্রেণি থেকেই উপবৃত্তির আওতায় আসতে পারেনি। ফলে মাধ্যমিক শিক্ষা শেষ হওয়া পর্যন্ত এসব শিক্ষার্থী সম্মিলিতভাবে প্রায় ৪২ লাখ ৭২ হাজার টাকার শিক্ষা সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে।

জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১৪৬ জন এবং ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি আরও ১২১ শিক্ষার্থীর উপবৃত্তির নিবন্ধন যথাসময়ে সম্পন্ন হয়নি। ফলে এই ২৬৭ শিক্ষার্থীর নাম উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিদ্যমান নিয়ম অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পর একবারই নিবন্ধনের সুযোগ থাকে।