অভিনয় হলো মিথ্যা সেটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী দিনে বিশেষ ‘নাট্যজন সম্মাননা’য় ভূষিত হয়েছেন অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তি আবুল হায়াত। গত রবিবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হন ৮১ বছর বয়সী এই প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব।

স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিম-লে পরিচিত করতে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। আবুল হায়াতের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে ড. ইস্রাফীল তাকে অভিনয়ের ‘মেসি বা রোনালদো’র সঙ্গে তুলনা করে তার জীবন ও কাজ নিয়ে গবেষণার তাগিদ দেন।

সম্মাননাপ্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে ৭২ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আবুল হায়াত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অভিনয় মানেই শুধু চেহারা দেখানো নয়, অভিনয় হলো শিল্প ও বাস্তবতা। অভিনয় আসলে একটি মিথ্যা, কিন্তু শিল্পী হিসেবে সেই মিথ্যাকে দর্শকের কাছে বাস্তবিক ও বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। নাটক মানুষকে মানুষ হতে ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়।’ ১০ বছর বয়সে প্রথম মঞ্চে ওঠার স্মৃতিচারণ করে তিনি জানান, নাটক এখন তার রক্তে মিশে গেছে।

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলমান এই উৎসবে প্রতিদিন একটি করে নাটক মঞ্চায়িত হবে। এতে অংশ নিতে ঢাকা থেকে এসেছে নাট্যদল ‘ক্ষ্যাপাটে’। পাশাপাশি ভারতের একটি নাট্যদলও এই উৎসবে যোগ দেবে।