বলিউড তারকাদের পিছু নেওয়া আলোকচিত্রী বা ‘পাপারাজ্জি’দের অতি-উৎসাহী আচরণে ফের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি মুম্বাইতে আকাক্সক্ষা রঞ্জন ও শরণ শর্মার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় পাপারাজ্জিরা তাকে ঘিরে ধরলে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।
অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পর আলোকচিত্রীরা অনবরত সোনাক্ষীর পাশাপাশি হাঁটতে থাকেন এবং তার গাড়ির দরজা পর্যন্ত ঘিরে ধরেন। শুরুতে সোনাক্ষী শান্ত থেকে তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘হয়ে গেছে ভাই, এখন আর গাড়ির ভেতরে ছবি তোলার দরকার নেই। ধন্যবাদ, শুভ রাত্রি।’
কিন্তু এরপরও তারা গাড়ি ঘিরে দাঁড়িয়ে থাকলে একপর্যায়ে মেজাজ হারান সোনাক্ষী। তিনি সাফ জানিয়ে দেন, ‘আপনারা যতক্ষণ না এখান থেকে সরবেন, আমি গাড়িতে বসব না।’ তারকাদের ব্যক্তিগত সীমানা লঙ্ঘনের এমন আচরণে সোনাক্ষীর এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিটাউনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।