বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির আগামী ৮ আগস্টের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড তাদের প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেওয়ায় নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি জটিলতা রইল না।
১২ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আপিল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনুর নেতৃত্বে গঠিত বোর্ড এই রায় দেয়। এর আগে ৫ জুলাই নির্বাচন বোর্ড পরপর দুই মেয়াদে দায়িত্ব পালনের অজুহাতে তাদের মনোনয়ন বাতিল করেছিল। এরপর ৭ জুলাই তারা আপিল বোর্ডে আবেদন করেন।
রায়ের পর কৃতজ্ঞতা প্রকাশ করে খসরু বলেন, ‘এই সিদ্ধান্তে আমি ন্যায়বিচার পেয়েছি।’ শামসুল আলম বলেন, ‘আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। খসরু-শামসুল প্যানেলের বিপরীতে অন্য প্যানেলে সভাপতি পদে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক পদে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু লড়ছেন।