লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ ঈশ্বরদীর মেয়ে নাযাহ নাওয়ার। সম্প্রতি তিনি লাক্সের মডেল হয়েছেন। রাসেল শিকদারের নির্মাণে বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছেন এই লাক্স সুন্দরী। বিজ্ঞাপনের মডেল হওয়া ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ
অভিষেকেই লাক্সের বিজ্ঞাপন, কেমন সাড়া পাচ্ছেন?
আলহামদুলিল্লাহ। সত্যি অনেক ভালো সাড়া পাচ্ছি। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে পরিচিত-অপরিচিত অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শকের ইতিবাচক মন্তব্য আমাকে আরও আত্মবিশ্বাসী করছে এবং সামনে ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।
সাধারণত চ্যাম্পিয়নরাই এই সুযোগ পান, আপনার সুযোগ পাওয়ার রহস্য কী?
এই সিদ্ধান্তটি পুরোপুরি লাক্স ও ইউনিলিভারের। তারা হয়তো আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করেছে, আর সেই বিশ্বাসের কারণেই আমি এই সুযোগ পেয়েছি। আমার জন্য বিষয়টি সত্যিই অনেক সম্মানের, একই সঙ্গে কিছুটা অবাক করার মতোও ছিল। আমি এটাকে বড় একটি দায়িত্ব হিসেবেই দেখছি এবং সামনে কাজের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রাখতে চাই।
আপনার সফলতার পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি মনে করেন?
সবার আগে আমার পরিবারের কথা বলব। বিশেষ করে আমার মা এবং বোন, তাদের সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না। আর অবশ্যই লাক্স সুপারস্টার প্ল্যাটফর্ম, মেন্টররা এবং যারা শুরু থেকেই আমাকে উৎসাহ দিয়েছেন, সবার অবদান রয়েছে।
লাক্সের সঙ্গে নতুন আরও অনেক কাজ হবে। সেগুলোর কী অবস্থা?
কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ নিয়ে আলোচনা চলছে।
কাদের অভিনয় আপনার ভালো লাগে? পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন?
অনেক গুণী শিল্পীর কাজ আমাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নিজেদের পরিশ্রম ও মেধার মাধ্যমে অবস্থান তৈরি করেছেন। বিভিন্ন প্রজন্মের শিল্পীদের কাজ দেখি এবং সেখান থেকে শেখার চেষ্টা করি। যেসব শিল্পী চরিত্রের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিতে পারেন, তাদের অভিনয় আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। পরিবার থেকে আমি সবসময় অনেক সমর্থন পেয়েছি। তারা আমার সবচেয়ে বড় শক্তি।
ক্যাম্পের দিনগুলো কেমন কেটেছে? কঠিন মুহূর্তের কথা যদি জানতে চাই তাহলে কী বলবেন?
ক্যাম্পের দিনগুলো ছিল শেখা, চ্যালেঞ্জ আর নতুন অভিজ্ঞতায় ভরপুর। অনেক সুন্দর স্মৃতি আছে। কঠিন মুহূর্ত বলতে প্রতিটি প্রতিযোগিতার আগে নিজেকে প্রমাণ করার চাপ ছিল। তবে সেই চাপই আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা, নাযাহর স্বপ্নের কথাগুলো জানতে চাই।
আমার ইচ্ছা একজন সফল ও সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। অভিনয় করতে অনেক ভালোবাসি, অভিনয়ে ভালো করতে চাই। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাব। কিছু কাজ করতে চাই, যা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।