প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে হবে মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র

মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহীতে একটি আধুনিক মাংস প্রক্রিয়াকরণ  (মিট প্রসেসিং) কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এর উদ্দেশ্য হলো স্বাস্থ্যসম্মতভাবে মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ নিশ্চিত করা।

গতকাল রাজশাহীর এনেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণ বিষয়ে অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন বলেন, প্রস্তাবিত আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রে পশু জবাইয়ের আগে নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই সম্পন্ন হবে এবং আধুনিক পরীক্ষাগারে মাংসের গুণগত মান ও নিরাপত্তা যাচাই করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পশুর কোনো অংশই অপচয় হতে দেওয়া হবে না। তিনি বলেন, পশুর উপজাতসমূহ প্রক্রিয়াজাত ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার গাজীউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদাসহ রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।