নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে টাঙ্গাইলে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিভাগের সহকারী অধ্যাপক আলিম মিয়া।

জাহিদ হাসানের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়।

সহপাঠীরা জানান, টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াতে অংশ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদ। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া বলেন, জাহিদ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জাহিদ হাসানের জানাজায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টায় একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ বাসের ব্যবস্থা করা হয়েছে।

জাহিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।