ইরানের সঙ্গে সমঝোতা এখনও সম্ভব, সংঘাতের মধ্যেও আশাবাদী ট্রাম্প

চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করা এখনও সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে টানা তৃতীয় রাতের মতো হামলা চালানোর পর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। খবর দ্য ডনের।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং ওয়াশিংটন এখনও একটি কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত এড়াতে দুপক্ষেরই একটি টেকসই চুক্তিতে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, মাত্র দুই দিন আগেই দুই দেশের মধ্যে একটি বড় ধরনের চুক্তি চূড়ান্ত হওয়ার দোরগোড়ায় ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইরান পিছু হটে। ইরানি প্রতিনিধিরা জানান যে তারা এখনই সেই চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত নন এবং এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চান। মূলত তাদের এই অনাগ্রহের কারণেই সমঝোতা প্রক্রিয়া সাময়িকভাবে থমকে দাঁড়ায়।

সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার পরপরই হরমুজ প্রণালির নিরাপত্তা ও ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী। তবে সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি হোয়াইট হাউস যে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য তারই ইঙ্গিত দিচ্ছে।