যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের হামলা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলায় মার্কিন নৌঘাঁটির সামরিক সরঞ্জামসহ বেশ কিছু অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় তাদের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইরান।

আইআরজিসি এই পদক্ষেপকে একটি ‘প্রতিশোধমূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাহিনীটি।

তবে মার্কিন নৌঘাঁটিতে চালানো এই হামলার দাবির সত্যতা এখনো স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই চাঞ্চল্যকর খবরের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত