আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে তেলের মূল্য প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিগত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে তেলের বাজার দর। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭৯ ডলারে বেচাকেনা হচ্ছে। এর আগে মাত্র একদিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম রেকর্ড ৯ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল, যা ২০২০ সালের মে মাসের পর একক কোনো দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা।

এদিকে সমঝোতা আলোচনা থমকে যাওয়ার পর টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক শক্তি ও সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে, যাতে তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ মানুষের ওপর হামলা চালাতে না পারে।

তবে চলমান এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইরানের সঙ্গে এখনো একটি চুক্তি হওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দুই দিন আগেই একটি চুক্তির পরিবেশ তৈরি হয়েছিল। তবে ইরান শেষ মুহূর্তে আলোচনার মেয়াদ আরও বাড়াতে চাওয়ায় চুক্তিটি সাময়িকভাবে ঝুলে গেছে।