বাগেরহাটের মোংলায় সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ তার দলের ২৭ জন সদস্য বিপুল পরিমান অস্ত্র গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা এগারোটায় মোংলা কোস্ট গার্ডের পশ্চিম জোনের সদর দপ্তরে বনদস্যু দলটি আত্মসমর্পণ করে।
তাদের কাছে থাকা ৩ টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা গুলি ও ৫৫ রাউন্ড ফাঁকা গুলির খোসা জমা দেয়।
তারা হলেন, জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮) আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০), শরিফুল ইসলাম বয়াতি (২১) ও মো. জয়নাল আবেদীন (৩৮)।
আত্মসমর্পণ করা এ সকল দস্যুদের বাড়ী খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়।
এই ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতিসহ জেলে ও বাওয়ালিদের অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের জানান, সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সদস্য অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাঁজা গুলি ও ৫৫ রাউন্ড ফাঁকা গুলির খোসা জমা দেন।
আত্মসমর্পণ করার পর এ দস্যুদেরকে দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২১ মে ছোট সুমন বাহিনী প্রধান সুমনসহ ৭ দস্যু ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এরপর গত ৯ জুলাই বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ দস্যু ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে।
এ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড, পুলিশ, বিজিবি, র্যাব ও বনবিভাগসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।