আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম ইরানি সংবাদমাধ্যম ফারারুকে বলেন, যদি ট্রাম্পকে হত্যা করা লক্ষ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরেও তা সহজেই করতে পারে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক একজন কমান্ডার দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে তেহরান।
সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম ইরানি সংবাদমাধ্যম ফারারুকে বলেন, যদি ট্রাম্পকে হত্যা করা লক্ষ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরেও তা সহজেই করতে পারে। যখন প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।
এদিকে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার বিষয়েও মন্তব্য করেন কানানি মোগাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়।
তিনি বলেন, আমরা শান্তির জন্য আমেরিকানদের সাথে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনা মূলত ইরানের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা এবং ওয়াশিংটনের আনা অভিযোগের জবাব দেওয়ার উদ্দেশ্যে চলছে।
কানানি মোগাদ্দাম বলেন, ট্রাম্প ও তার অপরাধী সহযোগীদের সাথে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমাদের লক্ষ্য কেবল আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা স্পষ্ট করা। তবে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও আমাদের বিবেচনায় রয়েছে।