হবিগঞ্জ

মাধবপুরে কাজিরচক-এতিমপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাজিরচক-এতিমপুর সড়কটির প্রায় আধা কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের হাজারো মানুষকে। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বহুবার ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার আশ্বাস মিললেও বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়নকাজ হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন, ‘এতিমপুর জামে মসজিদ এই সড়কের পাশেই অবস্থিত। গ্রামের বয়স্ক মানুষসহ আমরা নিয়মিত এই পথ দিয়ে মসজিদে নামাজ আদায় করতে যাই। বর্ষাকালে রাস্তা কাদাময় হয়ে যাওয়ায় অনেক সময় বয়স্করা পিছলে পড়ে যান। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুঃখজনক।’

আরেক বাসিন্দা মো. মিজান মিয়া বলেন, ‘নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের আর দেখা যায় না। আগামী নির্বাচনের আগে যদি এই সড়ক সংস্কার বা পাকাকরণ না করা হয়, তাহলে এলাকাবাসী কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধর্মঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় ঢেকে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের অবহেলা এবং যথাযথ নজরদারির অভাবেই সড়কটির এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। জনস্বার্থে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি পরিদর্শনের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কার কিংবা পাকাকরণের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন কাজিরচক, এতিমপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের জনগণ।

ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, খুব শিগগিরই রাস্তাটির সংস্কার করা হবে।