নারায়ণগঞ্জ শহরের গলাচিপায় র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর একটি দল। গ্রেপ্তারকৃত রিপন (৩৫) মাসদাইর দাতা সড়ক এলাকার হারুনের ছেলে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মামলার এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, গিট্টু রিপন মূলত মাসদাইর ও ফতুল্লা এলাকায় কুখ্যাত ‘কিলার জাহিদ বাহিনী’র অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য।
সে চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড (কন্ট্রাক্ট কিলিং) ও খুনসহ মাসদাইর, বোয়ালিয়া খাল এবং গুদারাঘাট এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণ করত। তা ছাড়া এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে আসছিল সে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৫ মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার গোপন সংবাদ সংগ্রহে যায় র্যাব-১১-এর একটি গোয়েন্দা দল। এ সময় তাদের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। উক্ত হামলায় কুখ্যাত সন্ত্রাসী গিট্টু রিপন তার বাহিনী নিয়ে র্যাব সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ৩ জন র্যাব সদস্যকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জস্থ র্যাব-১১ সদর কোম্পানি এবং কক্সবাজারস্থ র্যাব-১৫-এর একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে এই দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী এবং র্যাবের ওপর হামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি গিট্টু রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনেরও বেশি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।