ঝিনাইদহ

মাদক সেবনের সময় বাবা-ছেলেসহ আটক ৪, কারাদণ্ড

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ও আরাপপুর এলাকা থেকে মাদক সেবনের সময় বাবা-ছেলেসহ চার যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার মধ্যরাতে শহরের একটি বাসা থেকে বাবা-ছেলেসহ ৩ জনকে এবং আরাপপুর মোড় থেকে অপর একজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে মাদক সেবন ও বিক্রির দায়ে আটকদের মধ্যে তিনজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝিনাইদহ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আমলি আদালত এ দণ্ডাদেশ দেন।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকার একটি বাসা থেকে বাবা-ছেলেসহ তিনজনকে এবং আরাপপুর মোড় থেকে অপর একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— পৌর শহরের কাঞ্চননগর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে আল আমিন (২৩), কলাবাগান পাড়ার মৃত ওলিয়ার রহমানের ছেলে রাকিবুল ইসলাম রকি (৩৮), তার ছেলে অন্তু ইসলাম (২২) এবং আরাপপুর এলাকার আব্দুস সালামের ছেলে মনিরুজ্জামান (৩৮)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. মুরাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি। এ সময় শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে হাতেনাতে আল আমিন, রাকিবুল ইসলাম রকি ও তাঁর ছেলে অন্তু ইসলামকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

পরে শহরের আরাপপুর মোড় থেকে মাদক সেবন করে রাস্তায় অসংলগ্ন আচরণ করা অবস্থায় মনিরুজ্জামান নামে আরেকজনকে আটক করে ডিবি পুলিশ।

আটকদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আমলি আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে ডিবি পুলিশ।