জয়পুরহাটে ৫ মাদক কারবারি গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ড

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

জয়পুরহাট জেলা জুড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। 

রবিবার (১২ জুলাই) ​জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ জুলাই) থেকে ২৪ ঘণ্টায় জেলার আক্কেলপুর, কালাই ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সর্বমোট ১ হাজার ৭২১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২০ পিস ইয়াবা, মাদক কারবারে ব্যবহৃত মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ঘটনায় নিয়মিত মামলা হয়েছে চারটি ও মোবাইল কোর্টে মামলা হয়েছে দুটি।

​গ্রেপ্তাররা হলেন আক্কেলপুর থানার হরিসাড়া গ্রামের মো.হারুন (৪১) ও গোপীনাথপুর গ্রামের মো. আব্দুর সোবাহার (৩২), কালাই থানার আতাহার গ্রামের মো. আব্দুর ওহাব (৪৭), পাঁচবিবি থানার ত্রিপুরা গ্রামের মো. রাশেদ মন্ডল (২৬) এবং দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো.আব্দুর রশিদ শেখ (৪২)।

​অভিযানে আক্কেলপুর ও কালাই থানা এলাকা থেকে পৃথকভাবে ১০০ পিস, ২১০ পিস (১৯০ পিস টাপেন্টাডল ও ২০ পিস ইয়াবা) এবং ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে জয়পুরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

​এছাড়াও কালাই ও আক্কেলপুর উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা ও আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম দুই আসামিকে যথাক্রমে ৩ মাস ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। তবে তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত