চন্দনাইশে কারেন্ট জাল ও ধানবীজ বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ কারেন্ট জাল এবং অনুমোদনহীন ও নিম্নমানের ধানবীজ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও নিম্নমানের ধানবীজ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার গাছবাড়িয়া খানহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অনুমোদনহীন ও নিম্নমানের ধানবীজ বিক্রির দায়ে বীজ আইন, ২০১৮ অনুযায়ী আরও দুই ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও নিম্নমানের ধানবীজ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেনসহ কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, জনস্বার্থ, পরিবেশের ভারসাম্য এবং কৃষক ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ কারেন্ট জাল ও নিম্নমানের বীজের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।