আইফোনের মেইল অ্যাপে বড় পরিবর্তন

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে মেইল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর একাধিক নতুন সুবিধাযুক্ত করছে অ্যাপল। নতুন সুবিধাগুলোর মাধ্যমে ইমেইল খোঁজা, লেখা, সম্পাদনা এবং বিভিন্ন তথ্য ব্যবস্থাপনা আগের তুলনায় আরও দ্রুত ও সহজ হবে।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে ইমেইল অনুসন্ধান ব্যবস্থায়। বর্তমানে বিষয় বা পাঠানোর সময়ের ভিত্তিতে ফলাফল দেখানো হলেও নতুন সংস্করণে ব্যবহারকারীর উদ্দেশ্য ও অনুসন্ধানের প্রেক্ষাপট বিশ্লেষণ করে সবচেয়ে প্রাসঙ্গিক ইমেইল দেখাবে মেইল অ্যাপ। যেমন সাম্প্রতিক কেনাকাটার তথ্য খুঁজলে প্রচারমূলক বার্তার পরিবর্তে অর্ডার নিশ্চিতকরণের ইমেইল আগে দেখা যাবে।

মেইল অ্যাপে যুক্ত হচ্ছে ‘আস্ক সিরি’ সুবিধা। এর মাধ্যমে ইমেইলের সারাংশ তৈরি, পার্সেলের অবস্থান জানা, ভ্রমণসংক্রান্ত তথ্য খুঁজে পাওয়া এবং বিভিন্ন কাজ সম্পন্ন করা যাবে। পাশাপাশি ‘কল কনটেক্সট’ সুবিধা মেইল ও ফোন অ্যাপের মধ্যে সমন্বয় তৈরি করবে। ফলে কোনো প্রতিষ্ঠানে ফোন করার সময় সংশ্লিষ্ট অর্ডারের তথ্য বা প্রয়োজনীয় ফোন নম্বর মেইল থেকেই দেখা যাবে।

এ ছাড়া ‘রাইট উইথ সিরি’ নামের নতুন রাইটিং অ্যাসিস্ট্যান্ট ইমেইল লেখা, পুনর্লিখন, ভাষাশৈলী পরিবর্তন এবং লেখার মান উন্নত করতে সহায়তা করবে। এটি বানান ও ব্যাকরণগত ভুল শনাক্ত করার পাশাপাশি উন্নত ‘স্মার্ট রিপ্লাই’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর লেখার ধরন অনুযায়ী এক ট্যাপেই সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে।