রাজবাড়ীতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে জাল সংরক্ষণের দায়ে সুজন শেখ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বালিয়াকান্দি সাধুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৫ জুলাই) এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুজন শেখ নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। এসময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দের পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে তারা জানান।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি হয়। তাই মৎস্য সম্পদ রক্ষায় এসব জাল ধ্বংস করা হয়েছে।