কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক পরিবার ও মাস্টার জালাল আহমেদ ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুই সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় ভ্যানযোগে পৌঁছে পানিবন্দি ও অসহায় পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবীরা। দুর্গম এলাকায় গিয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা পৌঁছে দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
তারুণ্যের অভিযাত্রিক পরিবারের নির্বাহী পরিচালক হিমেল বড়ুয়া হিমু বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের জন্য আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতা করেছেন নুর আয়েশা খান ফাউন্ডেশন। এ সহায়তার জন্য ফাউন্ডেশনটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারুণ্যের অভিযাত্রিক পরিবার।
এদিকে, বন্যাদুর্গত মানুষের পাশে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।