ঈশ্বরদীতে শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

পাবনার ঈশ্বরদীতে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. তহুরুল মোল্লা তরি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে গ্রেপ্তার তহুরুল মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার খড়ের দাইড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.তহুরুল মোল্লা তরি (২৪) ওই এলাকার মো.আয়েজ উদ্দিন মোল্লার ছেলে। 

ভুক্তভোগীর পরিবারে বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে তহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল এবং আজেবাজে কথা বলত। বিষয়টি শিশুটি তার বাবা-মাকে জানালে তারা অভিযুক্তের পরিবারকে অবগত করেন। তবে তহুরুলের অভিভাবকরা এতে কর্ণপাত না করে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধামকি প্রদর্শন করে। ১২ জুলাই বিকেলে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে খড়ের দাইড় এলাকায় পৌঁছালে অভিযুক্ত তহুরুল ওই শিশুটির পথরোধ করে জাপটে ধরে টানাহেঁচড়া করে এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বাবা-মাকে জানায়। এরপর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

ঈশ্বরদী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল থেকে অভিযুক্ত তহুরুল মোল্লাকে গ্রেপ্তার করার পর বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত