এবার একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। জীবনের শেষ প্রান্তে এসে সমাজের জন্য স্থায়ী একটি কল্যাণকর কাজ করে যেতে চান তিনি। সেই ভাবনা থেকেই গ্রামের বাড়ি যশোরের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
এর আগে আরেক অভিনেত্রী রোজিনাও পৈতৃক ভিটা রাজবাড়ী জেলার গোয়ালন্দে নিজের মায়ের নামে একটি ১০ গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। তুরস্কের স্থাপত্যশৈলী অনুসরণে নির্মিত ওই মসজিদটি ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।
সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে যশোরের বিজয়নগরে অবস্থিত তাদের দাদাবাড়ি ঘুরে আসেন ববিতা। শৈশবের অসংখ্য স্মৃতিবিজড়িত সেই সফরেই মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত জমি নির্বাচন ও চূড়ান্ত করেছেন বলে জানান তিনি।
গণমাধ্যমে তিনি বলেন, ‘এবার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে এসেছি। জমি চূড়ান্ত করে এসেছি। এতে আমার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শিগগিরই মসজিদের নকশা করব। তারপর ধীরে ধীরে কাজ শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’