শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবদুল হান্নান সজল

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধ্যমিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবদুল হান্নান সজল। জাতীয় মাধ্যমিক শিক্ষা পদক-২০২৬-এ গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন তিনি।

তিনি শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের শিক্ষানুরাগ, দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক উদ্যোগ এবং এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ জেলা বাছাই কমিটি তাঁকে এই সম্মানে ভূষিত করে।

গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান সজলকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রধান শিক্ষক আবদুল হান্নান সজল বলেন, ‘এই সম্মান আমার একার নয়; এটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। কাজের প্রতি নিষ্ঠা আর সততা থাকলে, সেই কাজ একদিন মানুষকে সম্মানিত করেই। আশা করি আমরা যে যে কাজই করি না কেন, তাতে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করব। তাহলে কাজের ভালো ফলাফল ও সম্মান—দুটিই অটুট থাকবে। কর্মের এই মানসম্মত ধারাবাহিকতা বজায় রাখতে আমি সবার সহযোগিতা কামনা করছি।’