নূরুল ইসলাম বুলবুল

জুলাই সনদ বাস্তবায়নের পথ বিএনপিকেই খুঁজতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পথ বিএনপিকেই খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পেরিয়ে গেলেও সরকার জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। সরকার মুখে মুখে জুলাইকে ধারণ করে তবে অন্তরে নয়, কাজেও নয়। 

বুধবার (১৫ জুলাই) বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, সদস্য সৈয়দ জয়নুল আবদেীন এমপি, নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ডক্টর আব্দুল মান্নান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ। 

গণভোটের গণরায় উপেক্ষার কুফল বিএনপিকে ভোগ করতে হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, একই আদেশে দু’টি ভোট একই দিনে হলেও বিএনপি একটিকে বৈধ আরেকটিকে অবৈধ দাবি করে জাতির সাথে তামাশা করছে। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আদেশে সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট কীভাবে অবৈধ হয়, প্রশ্ন রেখে তিনি বলেন, কোনটিই অবৈধ নয় এটি বিএনপিও ভালো করেই জানে। কিন্তু তারা গণভোটের রায় মেনে সংস্কার চায় না বলেই গণভোটকে বিএনপি অবৈধ দাবি করছে। যতই গড়িমসি করা হোক না কেন, গণভোটের গণরায় সরকারি দল হিসেবে বিএনপিকেই বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জাতিকে আবারও ধোঁকা দিতে বিএনপি সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। সেই কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন, বিরোধীদল সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে মতামত দিতে কিন্তু বিরোধীদল সেই কমিটিতে যায়নি। 

শিক্ষামন্ত্রীর ভুল সিদ্ধান্তের প্রতিবাদে কোমলমতি শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলার নির্দেশদাতা ও হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে। তিনি বলেন, যেখানে সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের ডেকে নিয়ে ভুল সিদ্ধান্তের জন্য দুঃখপ্রকাশ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। সরকার সেটি না করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভূমিকায় আর্বিভূত হয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ দিয়ে হামলা চালিয়েছে।