বার বার সিদ্ধান্ত বদল। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছিল ঠিকঠাক। আগামী ৮ আগস্ট ভোটগ্রহণের দিনও নির্ধারিত হয়েছে। তবে শেষ মুহূর্তে নতুন করে জটিলতা দেখা দেওয়ায় নির্বাচন নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে প্রযোজক মো. ইকবাল বলেন, সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ডের সিদ্ধান্তে প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আগের আইনি জটিলতা আর নেই।
তবে এখানেই শেষ হচ্ছে না বিতর্ক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর (শোকজ) প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযোজক মো. ইকবালের ভাষ্য, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের আইনি ও সাংগঠনিক জটিলতার নিষ্পত্তি জরুরি। এ কারণে আগামী ৮ আগস্ট নির্ধারিত নির্বাচন পিছিয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড সম্প্রতি সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলমের প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়। এরপর তাদের নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে যায়। তবে সর্বশেষ মনোনয়ন বাতিলের কারণ দর্শানোর বিষয়টি সামনে আসায় নির্বাচন ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।