কুমিল্লার মুরাদনগর উপজেলার পান্নারপুল থেকে কৃষ্ণপুর হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত সড়কটি ঢাকা ও কুমিল্লা শহরের সঙ্গে যোগাযোগের জন্য এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে।
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ দুর্ভোগ লাঘবে নির্বাচনের পরপরই সড়কটির উন্নয়ন কাজের উদ্যোগ গ্রহণ করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ‘পান্নারপুল থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ধাপে ধাপে প্রায় ২০ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ করা হবে। আজ পান্নারপুল থেকে কৃষ্ণপুর পর্যন্ত অংশের কাজের উদ্বোধন করা হয়েছে। বাকি কাজ খুব দ্রুত দুই ধাপে সম্পন্ন করা হবে।’
সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। ধর্মমন্ত্রীর এই উন্নয়নমূলক পদক্ষেপে এখন সেই দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, আবুল হাসান ছিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান আহমেদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সি, বিএনপি নেতা শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।